শ্রীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে পুকুরের মাছ ও ফলদ-বনজ গাছপালার ক্ষতিসাধন, গালিগালাজ এবং জীবন নাশের হুমকির অভিযোগে স্থানীয় ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাজীপুর জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো: আবুল হাসেম মোড়ল। গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরারব এই অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে প্রকাশ, গাজীপুরের শ্রীপুর থানার ধলাদিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো: আবুল হাসেম মোড়ল প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযুক্তরা হলেন— মো: আসাদুজ্জামান বাদল (৫৫), লতিফ উদ্দিন (৫৮), লোকমান (৫২), জয়নাল (৩৫), জহিরুল ইসলাম (৩৫), ফয়সাল (২০), জিহাদ (২০), ফারুক (৫৫) এবং ওমর ফারুক (২৬); যাদের বাড়ি ধলাদিয়া গ্রামে।অভিযোগে বাদী উল্লেখ করেন, বিবাদীরা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, জমি দখল ও অসামাজিক কাজে জড়িত এবং তাদের কাজে বাধা দিলে প্রাণনাশসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিবাদী জয়নাল, জহিরুল, ফয়সাল, জিহাদ, ওমর ও লোকমান বাদীর পুকুর থেকে আনুমানিক ৩০-৪০ হাজার টাকার চাষকৃত মাছ এবং পুকুর পারের ১০-১২টি আম গাছ থেকে আরও ১০-১২ হাজার টাকার কাঁচা-পাকা আম জোরপূর্বক বড়শি ও হাত দিয়ে পেড়ে নেয়।
এছাড়া, ঘটনার দিন ১নং বিবাদী আসাদুজ্জামান বাদল সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্য হওয়ার ক্ষমতা দেখিয়ে তার ভাই জয়নালের মাধ্যমে বাদীর জমির পাকা আরসিসি পিলারের ক্ষতিসাধনসহ আম, সেগুন ও লটকন গাছ কেটে আনুমানিক ৮০-৯০ হাজার টাকার ক্ষতি করে।
বাদী জানান, মোবাইলে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তার বাবার নাম ধরে এবং ভাই-ভাতিজাদের নাম উল্লেখ করে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি গ্রামে গেলে তাকে হত্যা করা এবং কেনা সম্পত্তি বেদখল করার হুমকিও প্রদান করা হয়। বিবাদীরা রামদা, লাঠি হাতে প্রকাশ্য চলাফেরা করায় বর্তমানে বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী মো: আবুল হাসেম মোড়ল নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে শ্রীপুর মডেল থানায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।