হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:; ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং ত্রিশাল বাজারে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ। এছাড়াও ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।অভিযান চলাকালে সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত আংশিকভাবে মুক্ত হয়, ফলে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং আইন মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।